সংবাদদাতা,দুর্গাপুরঃ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় দশম স্থান অধিকার করে পশ্চিম বর্ধমান জেলাকে গর্বিত করেছে পানশিউলি হাই স্কুলের ছাত্রী শ্রীপর্ণা মন্ডল। রাজ্যে দশম হওয়ার সঙ্গেই এবারের উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে সেই প্রথম স্থানের অধিকারী। কৃতি এই ছাত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপর্ণার বাড়িতে গিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়। শ্রীপর্ণার এই সাফল্যে গর্বিত এলাকার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী। একেবারেই সাধারন পরিবারের মেয়ে হয়ে এই অসাধারন সাফল্যের জন্য শ্রীপর্ণাকে তিনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রী কেনা ও উচ্চ শিক্ষার খরচ বাবদ বিধায়কের সাম্মানিক থেকে ৫০ হাজার টাকা তাকে দিয়েছেন নরেন চক্রবর্তী। তিনি বলেছেন,জেলার গর্ব শ্রীপর্ণার পাশে সবসময় থাকবেন।
