অন্ডাল : নদী থেকে অবৈধভাবে রাবিশ বালি তুলে সেই বালি দেওয়া হচ্ছে রেলের এক ঠিকাদার সংস্থাকে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার সংস্থার দাবি করে বৈধ উপায়েই বালি তোলা হচ্ছে। অন্ডালের সিঙ্গারণ নদীর ঘটনা। অন্ডাল পঞ্চায়েতের শকরা, তারকডাঙ্গা সংলগ্ন এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ প্রায় মাসখানেক ধরে সিঙ্গারণ নদী থেকে অবৈধ উপায়ে বালি তুলে তা সরবরাহ করা হচ্ছে রেলের এক ঠিকাদার সংস্থাকে। স্থানীয় বাসিন্দা আস্তিক মন্ডল এই কাজ করছে বলে অভিযোগ তাদের। বৃহস্পতিবার বাসিন্দারা জড়ো হন সিঙ্গারন নদীর পাড়ে ঘটনাস্থলে।

বালি তোলার কাজ তারা বন্ধ করে দেন। মনোজ আঁকুরে, বিশ্বনাথ মন্ডলরা বলেন মাসখানেক ধরেই আস্তিক মন্ডল নামে এক ব্যক্তি সিঙ্গার নদী থেকে অবৈধ উপায়ে বালি তুলে তা সরবরাহ করছে। অবৈধ বালিতোলা বন্ধ করা হোক সেই সাথে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন বলে দাবি জানান তারা। অভিযুক্ত আস্তিক মন্ডল জানান যে আমি এই ঠিকা সংস্থাকে গাড়ি ভাড়া দিয়েছি, রেলওয়ে ঠিকা সংস্থার যেখানে কাজ চলছে সেখানে আমার গাড়ি ভাড়াতে দেওয়া আছে। তবে রেলের যে ঠিকাদার সংস্থাকে এই বালি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ সেই সংস্থার আধিকারিক কাশিনাথ চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন এখানে কোন অবৈধ কাজ হচ্ছে না। বালি তোলা হচ্ছে নিয়ম মেনেই। তিনি বলেন কাজোরা রেলস্টেশনে ১৪২ মিটার একটা ৬ লেনের ব্রিজ নির্মাণ হবে। তার জন্য ইভি ২ টেস্ট করা হচ্ছে। সেই টেস্টের জন্যই রেলের অনুমতি ও গাইডলাইন মেনে বালি খনন করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন এই কাজটি করার জন্য ইস্টার্ন রেলের পক্ষ থেকে স্থানীয় থানাকে লিখিতভাবে অবগত করা হয়েছে। তাই অবৈধ ভাবে বালি খননের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি।
