স্বনির্ভরতার মেলবন্ধন, তৃতীয় বর্ষের সৃষ্টিশ্রী মেলা শুরু ৩০ ডিসেম্বর থেকে

সংবাদদাতা , দুর্গাপুর:—শিল্পশহর দুর্গাপুরে তৃতীয় বর্ষে পা রাখতে চলেছে জনপ্রিয় সৃষ্টিশ্রী মেলা। আগামী ৩০ ডিসেম্বর থেকে টানা ১০ দিন ধরে এই মেলা অনুষ্ঠিত হবে দুর্গাপুর হাট প্রাঙ্গণে। সোমবার বিকেলে দুর্গাপুর হাটে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মেলার বিস্তারিত রূপরেখা তুলে ধরেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পরিচালনায় আয়োজিত এই সৃষ্টিশ্রী মেলায় রাজ্যের ১৩টি জেলার ১৩৪টি স্বনির্ভর গোষ্ঠী অংশ নেবে। মেলায় থাকছে বিভিন্ন ধরনের হস্তশিল্পের স্টল, স্বাদে ও বৈচিত্র্যে ভরপুর খাবারের সম্ভার। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের জন্য থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।ইতিমধ্যেই মেলার প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। সাজো সাজো রব শুরু হয়ে গেছে দুর্গাপুর হাট চত্বরে। আলো, সাজসজ্জা ও পরিকাঠামো গড়ে তুলে মেলাকে আকর্ষণীয় করে তোলার কাজ প্রায় শেষের পথে।সৃষ্টিশ্রী মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আত্মনির্ভরতার এক শক্তিশালী মঞ্চ। হস্তশিল্প, সংস্কৃতি ও স্বাদের মেলবন্ধনে দুর্গাপুরবাসীর কাছে এই মেলা যে ফের একবার বড় আকর্ষণের কেন্দ্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *