সংবাদদাতা, দুর্গাপুর : সিটি সেন্টার বাস স্ট্যান্ড চত্বর বহুদিন ধরেই যেন বেআইনি পার্কিং চক্রের দখলে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমির উপরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই অবৈধ পার্কিংকে কেন্দ্র করে চলছিল প্রকাশ্যে তোলাবাজি। প্রশাসনের বারবার সতর্কতা সত্ত্বেও এডিডিএর নামেই স্লিপ ছাপিয়ে রমরমিয়ে টাকা তুলছিল একদল দালালচক্র।অবশেষে মঙ্গলবার এডিডিএ নিজের কড়া রূপ দেখালো। প্রশাসনের সহযোগিতায় সিটি সেন্টার বাস স্ট্যান্ডের ওই বেআইনি পার্কিংয়ে নেমে আসে বুলডোজারের কোপ। মুহূর্তে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে গড়ে তোলা কাঠামো। এলাকাবাসীর বহুদিনের ক্ষোভও এই উচ্ছেদে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।
এদিকে বেআইনি পার্কিংয়ের জাঁতাকলে শহরবাসী অতিষ্ঠ ছিল বহুদিন। অনুমোদনহীনভাবে সরকারি জমি দখল করে পার্কিংয়ের নামে টাকা তোলা হচ্ছিল। শহরের মুখে কালি লাগানো এমন দৌরাত্ম্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ায় এডিডিএর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত জানান, মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করতে এবার সিটি সেন্টারের পার্কিং ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হলো স্বনির্ভর গোষ্ঠীকে (এসএইচজি)। আরও ১০ জায়গার অবৈধ পার্কিং ভেঙে দেওয়া হবে।২১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বরোর এক এসএইচজি সদস্যা জানান,“মহিলাদের আত্মনির্ভর করতে এডিডিএর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করব।”দীর্ঘদিনের বেআইনি দাপট ও তোলাবাজির জট কাটিয়ে অবশেষে স্বচ্ছ এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার পথে এগোল সিটি সেন্টারের পার্কিং ব্যবস্থা। এডিডিএর কড়া পদক্ষেপ যেমন শহরের প্রতি ন্যায়বিচার, তেমনই নতুন দায়িত্বপ্রাপ্ত মহিলাদের জন্যও এক বড় সুযোগ। বেআইনি পার্কিং চক্রের দাপট যে আর সহ্য করা হবে না, এই বার্তাই স্পষ্ট করে দিল এই উচ্ছেদ অভিযান।
বেআইনি পার্কিং উচ্ছেদ করলো আড্ডা,
