কাজল মিত্র: আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপে একটি বেসরকারি স্কুলের সামনে মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির সময় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। রাস্তায় তৈরি হওয়া যানজটকে কেন্দ্র করে স্কুলবাস ও একটি চারচাকা গাড়ির মধ্যে সামান্য ধাক্কা লাগার জেরেই প্রায় বড় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ির গায়ে সাইড দিয়ে বেরোনোর সময় হালকা লেগে যায় স্কুলপড়ুয়ায় ভরা বাসটির। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করেই আচমকা মারমুখী হয়ে ওঠেন চারচাকার গাড়ির চালক। অভিযোগ, ক্ষোভে তিনি স্কুলবাসের জানালার দিকে পাথর ছুড়ে মারেন। পাথরের আঘাতে বাসের জানালার কাচ ভেঙে টুকরো ছিটকে লাগে দুই ছাত্রের গায়ে। তবে তারা সৌভাগ্যবশত সামান্য আঘাত পেয়েছে—বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলেই জানা যায় অভিভাবক ও স্কুল সূত্রে।

ঘটনার পর পরিস্থিতি মুহূর্তে উত্তেজনাকর হয়ে ওঠে। দুই গাড়ির চালকই রাস্তার উপর হাতাহাতিতে জড়িয়ে পড়লে এলাকাবাসীরা দ্রুত এগিয়ে এসে তাদের আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
