নিয়ামতপুরে জমি বিবাদের জেরে শুটআউট : মূল অভিযুক্ত আসিফ খান আদালতে আত্মসমর্পণ, ৪ দিনের পুলিশ হেফাজত

কাজল মিত্র : গত ৩০ অগাস্ট কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের ঘটনায় বড় অগ্রগতি। ওই ঘটনায় মূল অভিযুক্ত আসিফ খান আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন। শুক্রবার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আবেদনে আদালত তাঁকে ৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, আসিফ খানকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও গভীরে তদন্ত করা হবে।অভিযুক্ত আসিফ খান আসানসোলের পাক্কা বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মোট ১০ জন অভিযুক্তের মধ্যে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি অব্যাহত।প্রসঙ্গত, গত ৩০ অগাস্ট রাতে নিয়ামতপুর রহমান পাড়ার বাসিন্দা সৈয়দ জাভেদ বারিক (আসানসোল পুরসভার অস্থায়ী কর্মী) বাড়ি ফেরার পথে বাইকে চড়ে আসা দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়। পরিবারের অভিযোগ, জমি-জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরেই এই খুন। নিহত জাভেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্তদের সঙ্গে আগে থেকেই ঝামেলা চলছিল এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। মূল অভিযুক্ত আসিফ খানের আত্মসমর্পণের ফলে মামলার তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *