উন্নয়নের পাঁচালী ঘুরবে পাড়ায় পাড়ায়, উদ্বোধন করেন রাজ্যমন্ত্রী

দুর্গাপুর : আসন্ন বিধান সভা নির্বাচন কে পাখির চোখ করে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা গানের ছন্দে ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু হলো অভিনব উদ্যোগ। যার নাম দেওয়া হয়েছে ‘উন্নয়নের পাঁচালী’। বৃহস্পতিবার ইস্পাত নগরী দুর্গাপুরে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নিজের বাসভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এদিনের কর্মসূচির শুভসূচনা করেন। উপস্থিত ছিলেন দুর্গাপুরের সংশ্লিষ্ট ব্লক সভাপতি ও তৃনমূল কর্মী-সমর্থকেরা।

রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চালু হয়েছে, সেগুলিকেই পাঁচালী গানের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। সেই গানই এখন ট্যাবলোর মাধ্যমে গ্রাম-শহরের অলিতে-গলিতে ঘুরে বেড়াবে। দুর্গাপুরে তারই আনুষ্ঠানিক সূচনা হলো আজ।”
মন্ত্রী আরও জানান, “এই ট্যাবলো কেবল প্রচারের মাধ্যম নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সরকারের কাজের সরাসরি সংযোগ স্থাপনের এক নতুন রূপ। উন্নয়নের গল্প এবার শোনা যাবে গানের সুরে, দেখা যাবে চোখের সামনে।”এই উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুরের ১, ২ ও ৩ নম্বর ব্লক এবং কাঁকসা ব্লকে ঘুরবে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো। মূলত রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে পাঁচালী গানের ছন্দে তুলে ধরে ট্যাবলোর মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
উন্নয়নের পাঁচালীর ট্যাবলো কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি নতুন ভঙ্গিতে মানুষের কাছে পৌঁছবে, এমনটাই আশা প্রশাসন ও শাসক দলের নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *