কাজল মিত্র: কাঁকসার গোপালপুরে তরুণী নার্স মন্দিরা পালের (২৪) অস্বাভাবিক মৃত্যু ঘিরে গভীর চিন্তা ও উদ্বেগ ছড়িয়েছে এলাকাজুড়ে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা মন্দিরা মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে একটি বহুতল আবাসনের নিচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বহুতল থেকে পড়েই মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনার ফল—তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয়দের কথায়, “হঠাৎ এমন ঘটনা মানতে পারছি না। কীভাবে কী হলো, বুঝে উঠতে পারছি না।” আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি বাড়ছে উদ্বেগ—নিরাপত্তা, মানসিক চাপ, নাকি অন্য কোনও অজানা কারণ? উত্তর খুঁজছে পুলিশ, অপেক্ষায় গোটা এলাকা।
