,আসানসোল শহরে অবৈধ পার্কিং ও তোলাবাজি আটকানোর লক্ষ্যে পুলিশের অভিযান, ধরপাকড়

কাজল মিত্র :-বাংলায় নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে পুলিশ প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ বিভাগকে আইনের আওতার মধ্যে পড়ে এবং কোনও রাজনৈতিক চাপ ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করতে বলেছেন। এরপর থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহর এলাকায় যান চলাচলের ব্যাপারে পুলিশকে বেশ তৎপর হতে দেখা যাচ্ছে। দুদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড জিটি রোডের আসানসোল বাজার থেকে ঊষা গ্রাম পর্যন্ত বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায়। সোমবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাসের নেতৃত্ব

আসানসোল দক্ষিণ থানার পুলিশ জিটি রোডের গীর্জা মোড় থেকে আসানসোল পুরনিগম মোড় পর্যন্ত একটি অভিযান চালায়। জিটি রোডের এই অংশে যে বা যারা অবৈধ ভাবে পার্কিং চালাচ্ছে এবং জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হয়। এই অভিযানে পুলিশ পাঁচজনকে আটক করে। এর মধ্যে পার্কিংয়ে জড়িত দুজন এবং গীর্জা মোডের কাছে বাসস্টপেজের তিন বাস কন্ডাক্টরকে আটক করেছে পুলিশ। এখানে অবৈধ পার্কিং থেকে কারা টাকা আদায় করে তা তারা জানে বলে পুলিশ আধিকারিকরা মনে করছেন। এই প্রসঙ্গে ডিসিপি (সেন্ট্রাল) বলেন, অভিযান চালানো হচ্ছে। চেষ্টা করা হচ্ছে, সবকিছু ঠিক রাখতে। আসানসোলে পুলিশের তরফে যেভাবে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে, তাতে অবৈধ পার্কিংয়ের সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিছুটা হলেও, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পথ চলতি সাধারণ মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *