রানীগঞ্জ,কাজল মিত্র : দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও যুবকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বাড়তে থাকা ক্ষোভের আঁচ এবার পৌঁছাল রানীগঞ্জেও। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে বীর শহীদ ভগৎ সিংয়ের মূর্তির পাদদেশে জড়ো হয়ে ভীম আর্মির সদস্যরা তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। তাদের সঙ্গে ছিলেন বহু ছাত্র-ছাত্রী ও যুব সয়াজ, যারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গর্জে ওঠেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করতেই শান্তিপূর্ণ প্রতিবাদে নেমে আসা ছাত্র-যুবকদের উপর নির্মমভাবে লাঠিচার্জ চালানো হয়েছে। তাঁদের দাবি, মহিলা, ছাত্র-ছাত্রীসহ বহু নিরীহ আন্দোলনকারীকে অমানবিকভাবে হেনস্তা করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য চরম লজ্জার।

এদিনের আন্দোলন থেকে বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, যারা নামফলক ছাড়াই আন্দোলনকারীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছেন, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তারা। ভবিষ্যতে যাতে এ ধরনের প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা আর না ঘটে, তার জন্যও কড়া পদক্ষেপের দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দোষীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। জানা গেছে, শনিবার শুরু হওয়া এই কর্মসূচি বিকেল পর্যন্ত চলার কথা।
