কাজল মিত্র : জামুড়িয়া: শনিবার জামুড়িয়া বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর এলাকায় সিপিআই(এম)-এর উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে হঠাৎ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় মঞ্চ থেকে সভায় বক্তব্য রাখছিলেন সিপিআই(এম)-এর নেত্রী মীনাক্ষী মুখার্জি।প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় বিজেপির মণ্ডল-৪-এর সম্পাদক রাজু গাঙ্গুলি এবং মণ্ডল-৪ যুব মোর্চার সভাপতি বিশাল গাঙ্গুলি-সহ কয়েকজন বিজেপি কর্মী অনুষ্ঠানস্থলে পৌঁছান। অভিযোগ, এরপর মঞ্চ থেকেই মীনাক্ষী মুখার্জি ও রাজীব গাঙ্গুলির সঙ্গে বিশাল গাঙ্গুলির বাকবিতণ্ডা শুরু হয়। পরে সেখানে উপস্থিত সিপিআই(এম) সমর্থকেরা বিজেপি কর্মীদের অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে বলেন।

অভিযোগ, এরপর কিছু বিজেপি কর্মী অনুষ্ঠানকে ঘিরে আপত্তিকর মন্তব্য করলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতির অবনতি হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে উভয় পক্ষকে শান্ত করে। পরে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। পুলিশের তৎপরতায় কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় এবং পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।
