কাজল মিত্র : আরা থেকে ভদ্রেশ্বর যাওয়ার পথে কুলটির চৌরঙ্গী ফাঁড়ির নাকায় ধরা পড়ে ৪টি বড় মোষ ও ৪টি বাচ্চা। ‘অ্যানিম্যাল ক্যারিয়ার’ লেখা গাড়ি দুটিতে কাগজপত্র সঠিক না থাকায় ঢুকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে।মঙ্গলবার পশ্চিমবঙ্গ- ঝাড়খণ্ড সীমান্তের ডুবুর্ডিহি চেকপোস্টে কড়া নজরদারির সময় দুটি সন্দেহজনক পিকাপ ভ্যান আটক করে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ।সকালের দিকেই চেকপোস্টে ঢোকার মুখে পুলিশের নজরে আসে গাড়ি দুটি। দুটি পিকাপের গায়েই স্পষ্ট করে লেখা ‘অ্যানিম্যাল ক্যারিয়ার’। নিয়ম মেনে গাড়ি থামিয়ে চালকদের কাছে পশু পরিবহণের নথি চাওয়া হয়।

চালকেরা পুলিশকে জানান, তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে এবং বিহারের আরা থেকে মোষগুলো নিয়ে হুগলির ভদ্রেশ্বরের একটি খাটালে যাচ্ছেন।নথি খতিয়ে দেখার সময় পুলিশ দেখে দুটি ভ্যানে মোট ৪টি প্রাপ্তবয়স্ক মোষ এবং ৪টি মোষের বাচ্চা রয়েছে। তবে পরিবহণের জন্য প্রয়োজনীয় কিছু নথি ঠিকঠাক ছিল না।এ বিষয়ে চৌরঙ্গী ফাঁড়ির এক পুলিশ আধিকারিক বলেন,
“নিয়ম অনুযায়ী পশু পরিবহণের জন্য নির্দিষ্ট কাগজপত্র লাগে। যাচাই করে দেখা গেছে সেগুলো সম্পূর্ণ নয়। তাই গাড়ি দুটিকে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া যায়নি।”

এরপর পুলিশ গাড়ি দুটিকে ফের ঝাড়খণ্ডের দিকেই ফিরিয়ে দেয়।সীমান্ত এলাকায় অবৈধ পশু পাচার রুখতে প্রশাসন নিয়মিত এই ধরনের চেকিং করে। বিশেষ করে মোষ ও গবাদি পশু পরিবহণের ক্ষেত্রে স্বাস্থ্য সার্টিফিকেট, পরিবহণ অনুমতি এবং মালিকানার নথি থাকা বাধ্যতামূলক।এই ঘটনার পর ফের একবার সীমান্তে নজরদারি আরও বাড়ানোর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
