তাড়া খেয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, সামডি থেকে আসানসোল যাওয়ার পথে মোষ বোঝাই গাড়ি সহ আটক দুই

সালানপুর: সোমবার সালানপুর থানার মাধাইচক রোডের মইশামুরা মোড়ের কাছে মোষ ভর্তি ২টি পিকাপ ভ্যান আটক করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ২ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সামডির দিক থেকে মাধাইচক রোড ধরে দুটি পিকাপ ভ্যান প্রচন্ড গতিতে আসছিল। সেই সময় সামডির কাছে গাড়ি দুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ও দুটি গরুকে ধাক্কা মারতে গিয়ে কোনোমতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।

এরপরই সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা পিকাপ দুটির পিছু ধাওয়া করে। তাড়া খেয়ে একটি পিকাপ মইশামুরা মোড়ের কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে।চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। অপর পিকাপটিও দাঁড় করিয়ে চালক চম্পট দেয়।তবে দুটি গাড়ির খালাসিকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। আটক ২ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুটি পিকাপে মোট ৫টি মহিষ ছিল।মহিষ পরিবহণের কোনো বৈধ নথি তারা দেখাতে পারেনি। স্থানীয়দের দাবি, বিহারের নম্বরের পিকাপে করে মহিষগুলি বিহার থেকে পশ্চিমবঙ্গের আসানসোলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।পুলিশ দুটি পিকাপ ভ্যান আটক করেছে। এই ঘটনায় পাচার চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সালানপুর থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *