কাজল মিত্র : সরকার নির্ধারিত ন্যায্য মজুরি কার্যকরের দাবিতে এবার উত্তাল হলো সালানপুরের মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। বুধবার কারখানার প্রধান গেটের সামনে ভারতীয় মজদুর সংঘের পতাকা হাতে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা।জানা গেছে, ন্যায্য মজুরির দাবিতে গত বেশ কয়েকদিন ধরেই সালানপুর শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। এলোকুইন্ট, রামদূত, আসানসোল অ্যালয় সহ একাধিক কারখানায় শ্রমিকরা সরব হয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে সালানপুর ব্লকের কারখানা মালিক সংগঠনের তরফে যৌথ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছিল আলোচনার মাধ্যমেই সরকারি নিয়ম অনুযায়ী বেতন কাঠামো চূড়ান্ত করা হবে।

কিন্তু আজ সেই বৈঠক থাকা সত্ত্বেও মাইথন স্টিল কর্তৃপক্ষ হাজির হননি বলে অভিযোগ। এই খবর ছড়াতেই কারখানার গেটে উত্তেজনা চরমে ওঠে। শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন কারখানার ম্যানেজার বিজয় সাউ। তাঁকে ঘিরে “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। একসময় ম্যানেজারের সঙ্গে শ্রমিকদের তীব্র বচসা শুরু হয়।
অবশেষে বিএমএসের কনভেনর প্রশান্ত বিশ্বাস এবং আন্দোলনকারী শ্রমিকদের প্রবল চাপের মুখে পিছু হটে কর্তৃপক্ষ এবং বৈঠকে যোগ দিতে বাধ্য হয়।
এদিন বিএমএস কনভেনর প্রশান্ত বিশ্বাস বলেন, “তৃণমূলের আমলে এই কারখানাগুলো দিনের পর দিন শ্রমিক শোষণ করে গেছে। আজ ন্যায্য পাওনার বৈঠকেও আসতে চায়নি তারা। ভেবেছিল আগের মতোই পার পেয়ে যাবে। আমাদের দাবি পরিষ্কার, সরকারের বেঁধে দেওয়া মজুরি শ্রমিকদের দিতেই হবে।”
মাইথন কর্তৃপক্ষ বারবার শ্রমিকদের ন্যায্য লড়াইয়ে বাধা দিচ্ছে, এটা কোনওভাবেই মানা হবে না। শ্রমিকদের অধিকার আদায়ের জন্যই তাদের আলোচনায় বসতে বাধ্য করা হয়েছে।
এই ঘটনার পর সালানপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক পারদ আরও চড়েছে। শেষ পর্যন্ত মালিকপক্ষ সরকারি হারে মজুরি দিতে সম্মত হয় কিনা, সেদিকেই এখন নজর সকলের।
