কিক বক্সিং বিশ্বকাপে অংশ নিতে থাইল্যান্ড রওনা হল দুর্গাপুরের আরাধ্যা

সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রতিকূলতা কাটিয়ে অবশেষে দেশের হয়ে বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ড রওনা হল দুর্গাপুরের ৯ বছরের ক্রীড়া প্রতিভা আরাধ্যা ধীবর। গত ফেব্রুয়ারি মাসে নিউ দিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক পাওয়ার সুবাদে বিশ্বকাপে ভারতীয় দলে নির্বাচিত হয় আরাধ্যা। কিন্তু,মূলত আর্থিক প্রতিকূলতার কারনে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তার অংশ গ্রহন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগতভাবে অনেকে আরাধ্যার পাশে দাঁড়ায়। আরাধ্যা যে স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে সেই পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ৭ এপ্রিল থেকে ১২ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংকক শহরের ব্যাংকক ইউথ সেন্টার (থাই জাপান) ইনডোর স্টেডিয়ামে বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ৪০টি দেশের প্রায় ৯০০ খেলোয়াড় অংশগ্রহণ করছে এখানে। আয়োজক দেশ থাইল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া,ফ্রান্স,স্পেন,তুরস্ক,ডেনমার্ক, ইসরায়েল,প্যালেস্টাইন,আমেরিকা,পর্তুগাল,মরিশাস,মরক্কো, ইউক্রেন, উজবেকিস্তান, জার্মানি,আয়ারল্যান্ড,এস্টোনিয়া,ইরাক,ইরান,চিন,ভারত,পাকিস্তান সহ আরও অনেক দেশের আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা এই বিশ্বকাপে খেলছে। একে অপরের সাথে ম্যাচ খেলবে। সোমবার নিউ দিল্লী ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট থেকে কিক বক্সিং টিম ইন্ডিয়ার মোট ২২ জন খেলোয়াড়,৩ জন কোচ,ফিজিও,টিম ম্যানেজার সহ মোট ৩১ জনের প্রতিনিধি দল রওনা দিয়েছে। দুর্গাপুরের আরাধ্যা দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে চাইল্ড ক্যাটাগরিতে অংশ নেবে। -৩৬ ও +৩৬ বিভাগে পয়েন্ট ফাইট ইভেন্টে সে প্রতিনিধিত্ব করবে দেশের হয়ে। আরাধ্যার মা কাকলী দেবী জানিয়েছেন,“সবার সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে বিদেশের মাটিতে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গেল আমার মেয়ে। এটা গর্বের”। মেয়ে দেশের হয়ে পদক আনবে বলেই তার বিশ্বাস। উল্লেখ্য, বিশ্বকাপে অংশ নিতে অনেক টাকার প্রয়োজন ছিল। রেজিস্ট্রেশন ফিস,যাওয়া আসার খরচ,আন্তর্জাতিক মানের খেলার সরঞ্জাম ইত্যাদি দরুন প্রায় ৩ লক্ষ টাকার খরচ হয়েছে। বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি কিছু টাকা লোন নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আরাধ্যার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *