সংবাদদাতা,দুর্গাপুরঃ শুক্রবার ছিল হনুমান জয়ন্তী। দেশের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও হনুমান জয়ন্তী পালন করে বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ। এদিন দেখা গেল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সনাতনী ঐক্য মঞ্চের সঙ্গেই এক কর্মসূচীতে যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুই। তার নেতৃত্বেই বাস স্ট্যান্ডে আসা যাওয়া বাসগুলিতে রাম ও হনুমানের ছবিসহ গেরুয়া পতাকা লাগানো হয়। প্রসঙ্গত,কয়েক দিন আগে দুর্গাপুরে এসে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন,মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় থেকে সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। অবিলম্বে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তার করতে হবে। এরপরই দেখা যায় কলকাতায় সমস্ত বাস থেকে রামনবমীতে লাগানো গেরুয়া পতাকা খুলে দেওয়া হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এদিন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের নেতৃত্বে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সংগঠনের সদস্যরা বিভিন্ন রুটের বাসে গেরুয়া পতাকা লাগিয়ে দেন। বিধায়কের সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতা সুমন্ত মন্ডল,জেলা বিজেপি সাধারণ সম্পাদক অভিজিত দত্ত সহ অন্যান্য নেতারা।
হনুমান জয়ন্তীতে বাসে বাসে গেরুয়া পতাকা লাগালেন বিজেপি বিধায়ক
