কোক ওভেন থানার পুলিশের হাতে ধরা পড়ল ভিন রাজ্যের তিন দুষ্কৃতি

সংবাদদাতা,দুর্গাপুরঃ সুদূর তামিলনাড়ু থেকে দুর্গাপুরে ঘাঁটি গেড়ে নিজেদের অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছিল একটি দুষ্কৃতি চক্র। অবশেষে সেই দলের তিনজন ধরা পড়ল কোক ওভেন থানার পুলিশের হাতে। রবিবার রাতে স্থানীয় লিলুয়া বাঁধ এলাকার একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ তিনজনকে গ্রেফচার করেছে এবং তাদের কাছ থে্কে ৩ টি ল্যাপটপ ৩৪ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে এই দলটি প্রতি বছর তামিলনাড়ু থেকে দুর্গাপুরে আসে। এখানে তারা কাজ করার নাম করে বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকেই অপরাধমূলক কাজ করতে থাকে।

এবছরও তারা সেই উদ্দেশেই দুর্গাপুরে এসে লিলুয়া বাঁধের একটি ঘর ভাড়া নিয়ে এই কাজ করছিল। এদের কৌশল হল,একজন বোবা সেজে দিনের বেলায় বিভিন্ন বাড়িতে গিয়ে সাহায্য চাওয়ার নাম করে কোন বাড়িতে কম্পিউটার,ল্যাবটপ ও দামি মোবাইল আছে, সেই বাড়িগুলিকে চিহ্নিত করে নেয়। এরপর গভীর রাতে অন্য সঙ্গিরা মিলে সেই সব বাড়িতে হানা দিয়ে কৌশলে দামি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ চুরি করে নিজেদের ডেড়ায় ফিরে আসে। পরে সুযোগ বুঝে এই সব জিনিসগুলি নিয়ে তামিলনাড়ুতে ফিরে গিয়ে সেখানে সেগুলি বিক্রি করে রোজগার করে। এটাই এদের পেশা বলে জানতে পেরেছে পুলিশ। দুর্গাপুরের পাশাপাশি বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকাতেও এই চক্রের লোকজন এই কাজ করে বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত তিনজন হল কুমার আপ্পারাও,জি কুমার ও পি বালাজি। এদের বয়স ২২ থেকে ২৪। এরা তামিলনাড়ুর ভেলোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। সোমবার এদের দুর্গাপুর আদালতে পেশ করা হয়। এদের জেরা করে পুলিশ আরও তথ্য জানার উদ্দেশ্যে এদের ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *