বালি মাফিয়া কেবু এবার অস্ত্র সহ পুলিশের জালে

সংবাদদাতা,দুর্গাপুরঃ বেআইনি বালি ব্যবসার অভিযোগে ২০২১ সালে পুলিশ তাকে একবার গ্রেফতার করেছিল। চার বছরের মাথায় ফের গ্রেফতার হল কেবু ওরফে সুজয় পাল। কে এই সুজয় পাল? জানা গেছে,বালি মাফিয়া নামেই তার পরিচয়। নিউ টাউনশিপ থানার অধীন সুভাষ পল্লীর বাসিন্দা কেবু এক সময় দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকায় একচেটিয়াভাবে অবৈধ বালির ব্যবসা চালাতো। কাঁকসা এলাকার অজয়ের একাধিক ঘাট থেকে অবৈধ ভাবে বালি তুলে তার নিজস্ব লোকজনদের দিয়ে তা বিভিন্ন জায়গায় পাচার করে মোটা টাকা রোজগার করত। শোনা যায় হোয়াটস অ্যাপ বার্তার মাধ্যমে বালি পরিবহনের বিশেষ পদ্ধতি সেই চালু করেছিল।

তার বিরুদ্ধে এই অভিযোগ উঠতে থাকায় পুলিশ তার খোঁজ শুরু করে এবং অবশেষে ২০২১ এর আগস্টে ডিভিসি মোডের কাছে একটি মন্দির থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।টানা জেলে থাকার পর সে জামিন পায়। ২০২৩ সালে সিটি সেন্টার এলাকায় এডিডিএর টেন্ডারে পার্কিং জোনের জন্য সে বরাত পেয়েছিল।তার বিরুদ্ধে অভিযোগ ওই বরাত পাওয়ার আগেই সে একাধিক পার্কিং থেকে এডিডিএর নামে টিকিট ছাপিয়ে টাকা তুলতে থাকে। এমনকি,ওই সব পার্কিং এলাকায় মোটা টাকার বিনিময়ে সে বেশ কিছু দোকান বসিয়ে দিয়েছিল বলেও অভিযোগ। সেই কেবু কে শনিবার রাতে গান্ধী মোড় এলাকায় নাকা চেকিং এর সময় পুলিশ তার গাড়ি তল্লাশি করতে গিয়ে গাড়ির ডিকি থেকে বিপুল পরিমান অবৈধ তামার তার উদ্ধার করে। এবং তার কাছে পুলিশ একটি অত্যাধুনিক পিস্তলও উদ্ধার করেছে। বালির ব্যবসায়ী কেবু কেন বিপুল পরিমান তামার তার গাড়িতে নিয়ে যাচ্ছিল এবং তার কাছে কেন পিস্তল ছিল,তা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *