সংবাদদাতা,দুর্গাপুরঃ দামোদরে স্নান করতে নেমে প্রান হারানোর খবর যেন এখন প্রায় প্রতিদিনকার ঘটনা হয়ে উঠেছে। পুলিশ প্রশাসনের নজরদারী এবং সেচ দফতরের সতর্কতার বোর্ড বিভিন্ন জায়গায় চোখে পড়ে। তাসত্বেও এই জলে ডুবে মৃত্যুর ঘটনা যেন বেড়েই চলেছে। ফের একই ঘটনার বলি হয়েছে দুই কিশোর। শনিবার দুপুরে কুঠিডাঙ্গা ঘাটে দামোদরের জলে তলিয়ে যান দুই কিশোর। জানা গেছে এই দুই কিশোর হল বেনাচিতির বাসিন্দা সোমনাথ সিং ও রাজেশ প্রসাদ।

পুলিশ দুজনের দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত বলে জানানো হয়। একটি সূত্রে জানা যাচ্ছে বিগত এক সপ্তাহের মধ্যে এনিয়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে গেল। স্থানীয় এলাকার লোকজনদের অভিযোগ এই ঘটনার জন্য অনেকটাই দায়ি দামোদর থেকে বেপরোয়া ভাবে বালি উত্তোলন। যার কারনে দামোদরের বিস্তীর্ণ এলাকায় গভীর খাদ তৈরী হয়েছে। জলে নামলে সেই সব গভীর গর্তে ডুবে যেতে হচ্ছে।
