সংবাদদাতা,দুর্গাপুরঃ বর্তমান যুগে শহর বা গ্রাম সর্বত্রই বিভিন্ন কাজের ক্ষেত্রে ছেলেমেয়েদের কম্পিউটার শিক্ষা অবশ্য জরুরি। কিন্তু,বস্তি এলাকার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের কাছে এই প্রযুক্তগত শিক্ষা লাভ করা খুব একটা সহজ নয়। তাই তাদের জন্য সহযোগিতায় এগিয়ে এসেছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। তাদের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে দুর্গাপুর মহকুমার অন্তর্গত ১৫ – ২০ টি বস্তি এলাকায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের

উদ্যোগ নেওয়া হয়েছে। পিছিয়ে পড়া এলাকার শিশুদেরকে আগামী দিনে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সহযোগিতায় সামাজিক দায়বদ্ধতার এই কর্মসূচির অন্তর্গত প্রথম প্রশিক্ষণ কেন্দ্রটি শনিবার উদ্বোধন হয়েছে রাঁচি কলোনির “আদিবাসী স্পোর্টিং ক্লাবের” প্রাঙ্গনে। উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত,প্রাক্তন সভাপতি রমাপ্রসাদ হালদার,বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ মুখার্জী,প্রাক্তন পুরমাতা সুস্মিতা ভুঁই প্রমূখ।
