সংবাদদাতা, দুর্গাপুর: তার বুদ্ধি ও সাহসের জন্যই দুর্গাপুরের সিটি সেন্টার এর মত অভিজাত এলাকায় ইন্দ্রপ্রস্থ সমবায় এর একটি বাড়িতে ডাকাতির ঘটনা আটকানো সম্ভব হয়েছে। ওই মহিলার নাম লিপিকা শনিগ্রাহি। থাকেন ওই ইন্দ্রপ্রস্থ সমবায় আবাসনে। গত ২২ তারিখ দুপুরের দিকে তিনি দেখতে পান তার প্রতিবেশীর বাড়ির সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে হঠাৎ তিনি লক্ষ্য করেন একজন ওই বাড়ির জানালার রড খোলার চেষ্টা করছে। তিনি বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করেন। আর তাতেই ওই যুবকরা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশ কাউকে ধরতে না পারলেও ওই মহিলার তৎপরতায় বড় ধরনের অপরাধ আটকানো সম্ভব হয়েছে। তাই পুলিশের পক্ষ থেকে ওই মহিলার সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি তার বাড়িতে গিয়ে লিপিকা কিছু উপহার সহ তার সাহসিকতার জন্য সম্মান জানানো হয়। তার বাড়িতে যান এসিপি দুর্গাপুর সুবীর রায়,দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে,দুর্গাপুর মহিলা থানার আধিকারিক স্নেহনিতা মন্ডল ও সিটি সেন্টার ফাঁড়ির দায়িত্বে থাকা সুদীপ্ত বিশ্বাস। পুলিশ কর্তারা জানান, সাধারণ নাগরিকরা এই ধরনের সাহস দেখালে অনেক অপরাধ আটকানো যাবে।
