সংবাদদাতা ,দুর্গাপুর: : গণতন্ত্রের চেতনাকে স্মরণ করে ও স্বাধীন ভারতের সাংবিধানিক পথচলার প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে মহাসাড়ম্বরে উদযাপিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান।১৯৫০ সালের এই ঐতিহাসিক দিনেই স্বাধীন ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে একটি সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। সেই গৌরবময় অধ্যায়কে স্মরণ করেই এদিন সকাল থেকেই চতুরঙ্গ মাঠে লক্ষ্য করা যায় এক উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হলে গোটা মাঠ জুড়ে সৃষ্টি হয় দেশাত্মবোধে উদ্বুদ্ধ এক আবেগঘন মুহূর্ত।এরপর শুরু হয় সুসজ্জিত কুচকাওয়াজ। পুলিশ বাহিনী, সিভিল ডিফেন্স, এনসিসি ক্যাডেট, স্কাউট ও গাইড সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজে ফুটে ওঠে শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমের এক অনবদ্য চিত্র। বিভিন্ন বাহিনীর দল নির্ভুল ছন্দে পদচারণার মাধ্যমে জাতীয় পতাকাকে স্যালুট জানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস, এছড়াও প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, বিশিষ্ট নাগরিক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রজাতন্ত্র দিবসের মূল তাৎপর্য, সংবিধানের আদর্শ, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা, মানুষের মধ্যে আরও গভীরভাবে ছড়িয়ে দিতেই এই ধরনের আয়োজন। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় ভারতের বহুত্ববাদী ঐতিহ্য ও জাতীয় সংহতির বার্তা।৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শুধু এক আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং গণতন্ত্র, সংবিধান ও জাতীয় ঐক্যের প্রতি এক নবতর অঙ্গীকার হিসেবেই চিহ্নিত হয়ে রইল।
