‘রাষ্ট্রায়ত্ত কারখানা খুললেই ফিরবে দুর্গাপুরের শিল্প-প্রাণ’—বিজেপিকে কড়া বার্তা নরেন্দ্রনাথ চক্রবর্তীর

সংবাদদাতা ,দুর্গাপুর : শিল্প করিডরের প্রতিশ্রুতি দিয়ে নয়, বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালু করেই দুর্গাপুরের অর্থনৈতিক মেরুদণ্ড ফেরাতে হবে, এই বার্তা দিয়েই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো শাসক দল।
শুক্রবার দুর্গাপুরে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাংবাদিক বৈঠকে রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি কেন্দ্রের শাসক দলের শিল্পনীতির কড়া সমালোচনা করেন।
তিনি বলেন,“শিল্প করিডরের ঘোষণা কাগজে ভালো শোনালেও তা সাধারণ মানুষের জীবনে ভাত জোগাতে পারে না। দুর্গাপুরের মতো শিল্পনগরীর প্রকৃত প্রয়োজন বন্ধ হয়ে পড়ে থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি, সার কারখানা, এমএএমসি ও বিওজিএল পুনরায় চালু করা।”তাঁর বক্তব্যে, করিডরের মোড়কে উন্নয়নের গল্প শুনিয়ে কর্মসংস্থানের প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে বিজেপি।নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, দুর্গাপুরের প্রাক্তন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সংসদে থাকাকালীন এই গুরুত্বপূর্ণ কারখানাগুলি চালুর দাবিতে কোনও উল্লেখযোগ্য ভূমিকা নেননি। অথচ বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ সংসদে ও জনমঞ্চে ধারাবাহিকভাবে এই ইস্যুতে সরব হয়েছেন। তাঁর মতে,

“এই পার্থক্যটাই তৃণমূল ও বিজেপির রাজনীতির মৌলিক ফারাক, একদিকে মানুষের পক্ষে কথা, অন্যদিকে নীরবতা।”এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়, অসীমা চক্রবর্তী, পঙ্কজ রায় সরকার, পার্থ দেওয়াসী, অভিনব ব্যানার্জি-সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। রাজ্য বাজেট প্রসঙ্গে তৃনমূল নেত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার শিল্প ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য রেখে সাধারণ মানুষের পাশে থাকার যে দৃষ্টান্ত তৈরি করেছে, তা দেশজুড়ে নজিরবিহীন।”করিডরের স্বপ্ন দেখিয়ে নয়, বন্ধ কারখানার চিমনিতে ফের ধোঁয়া তুলেই দুর্গাপুরের ভবিষ্যৎ গড়তে চায় তৃণমূল। শিল্প, কর্মসংস্থান ও মানুষের জীবিকা, এই বাস্তব প্রশ্নেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *