পাণ্ডবেশ্বর : রাম নবমী উপলক্ষে পাণ্ডবেশ্বরে ঐতিহ্যবাহী আখড়া মিছিলে এবারও দেখা গেল সম্প্রীতি ও ঐক্যের অনন্য নজির। প্রায় ৫০ বছরের পুরনো এই আখড়া কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।তিনি জানান, দীর্ঘদিন ধরে এই আখড়ার সঙ্গে তিনি নিজেও যুক্ত—প্রায় ১৫-১৬ বছর ধরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। ডালুরবাঁধ সহ পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকার মানুষ প্রতি বছর এই আখড়ায় অংশ নেন। আখড়ায় বজরংবলী, সীতা, রাম, লক্ষ্মণ ও ভরতজীর পূজার পর সম্মিলিতভাবে মিছিল বের করা হয়। পরদিন সকলেই একসঙ্গে বসে পুরি-বুন্দি ভোজনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
এদিনের অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্ত ধরা পড়ে ৮ নম্বর মোড়ে, যেখানে স্থানীয় মসজিদ কমিটির পক্ষ থেকে দুর্গামন্দির কমিটিকে উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। শুধু তাই নয়, মসজিদ কমিটির সেক্রেটারির সঙ্গে প্রতীকী লাঠিখেলাতেও অংশ নেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।

এই প্রসঙ্গে তিনি বলেন, “এটাই পাণ্ডবেশ্বরের প্রকৃত চিত্র—এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। হিন্দু-মুসলমান মিলেই আমাদের একটাই লড়াই, আর তা হলো উন্নয়নের লড়াই।”রাম নবমীর এই আখড়া মিছিল তাই শুধু ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকেনি, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরেছে গোটা এলাকায়।
