কাজল মিত্র :- পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সরকারি অফিস থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ঝড় ।আর সেই ঝড় থেমে রইলনা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারি দপ্তরেও। আসানসোল পৌর নিগমের মেয়রের দপ্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সরকার বদলের পরেও কেন এখনও দপ্তরের দেওয়ালে ঝুলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি— এই প্রশ্ন তুলেই সরব হয়েছে বিজেপি। আর সেই অভিযোগ ঘিরেই শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

বিজেপির আসানসোল জেলা সাধারণ সম্পাদক কেশব পোদ্দারের দাবি, রাজ্যে নতুন সরকার গঠনের পর সরকারি দপ্তরগুলিতেও সেই পরিবর্তনের প্রতিফলন দেখা উচিত। তাঁর বক্তব্য, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সরকারি নিয়ম মেনেই টাঙানো প্রয়োজন। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ না করা হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তিনি।অভিযোগের জবাবে অবশ্য সতর্ক অবস্থান নিয়েছেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি বলেন, “আমি দায়িত্ব নেওয়ার আগেই ওই ছবি ছিল। এখন কী থাকবে বা কী পরিবর্তন হবে, তা সম্পূর্ণ সরকারের নির্দেশের উপর নির্ভর করছে। সরকার যেভাবে নির্দেশ দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।”তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিষয়টি শুধুমাত্র একটি ছবি ঘিরে বিতর্ক নয়, বরং ক্ষমতার পরিবর্তনের পর প্রশাসনিক কাঠামোতে রাজনৈতিক প্রভাব কতটা পড়ছে, সেই প্রশ্নও সামনে এনে দিয়েছে।
