কাজল মিত্র : শুক্রবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েতের অরবিন্দ নগর জোড়া মন্দির এলাকায় একটি বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে বাড়ির পাস দিয়ে যাওয়া অসাধ্য হয়ে পড়েছিল এর ফলে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এলে দরজা খুলতেই এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হয় ।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম প্রতিভা গুহ (৭২)। তিনি ওই বাড়িতে দীর্ঘকাল ধরে একাই বসবাস করতেন।স্থানীয় বাসিন্দা সুমিত মণ্ডল জানান,গত কয়েক দিন ধরেই এলাকায় এক ধরণের দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল।

প্রাথমিকভাবে প্রতিবেশীরা ভেবেছিলেন কোনো পশু বা কুকুর হয়তো মারা গেছে।শুক্রবার দুর্গিন্ধর মাত্রা প্রবল হলে সুমিত বাবু ও তার স্ত্রী আশপাশের জঙ্গলে তল্লাশি চালান। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় দুর্গন্ধটি প্রতিভা গুহর বন্ধ ঘর থেকেই আসছে। সুমিত বাবুর কথায় “গন্ধটা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল কেউ চামড়া গলাচ্ছে। তখনই আমরা বুঝতে পারি বড় কোনো দুর্ঘটনা ঘটেছে এবং তড়িঘড়ি রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেখা যায়, বৃদ্ধার নিথর দেহটি ঘরের মেঝের ওপর পড়ে রয়েছে এবং তাতে পচন ধরেছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। বৃদ্ধার পরিবারের অন্য কোনো সদস্য সেখানে না থাকায়, পুলিশ আপাতত বাড়িটিতে তালা লাগিয়ে দিয়েছে। একাকী বসবাসকারী বৃদ্ধার এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
