জামুড়িয়া, নিজস্ব সংবাদদাতা
দিনের আলোতেই পাথর বোঝাই ট্রাক্টরের সারি। দেখে মনে হবে বৈধ পরিবহণ। কিন্তু পুলিশ বলছে, এর পিছনেই লুকিয়ে ছিল বেআইনি পাথর কারবারের জাল। গোপন খবরের ভিত্তিতে সোমবার জামুড়িয়া থানার পুলিশ* জয়নগর এলাকায় অভিযান চালিয়ে একসাথে ১৪টি পাথরবোঝাই ট্রাক্টর আটক করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, জয়নগর থেকে ১৪টি ট্রাক্টর পাথর নিয়ে একসাথে বের হচ্ছিল। সেই সময়ই পুলিশের কাছে খবর আসে। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে গাড়িগুলিকে আটক করা হয়।

অভিযানে ৪ জন ট্রাক্টর মালিক ও এই কারবারের মূল পান্ডা বলে অভিযুক্ত কয়লা ব্যবসায়ী বিকাশ গড়াই-কে গ্রেফতার করা হয়েছে। মোট ধৃতের সংখ্যা ৫ জন।এতগুলি ট্রাক্টর একসাথে কীভাবে রাস্তায় নামল? পাথর কোথা থেকে আসছিল, আর কোথায় যাচ্ছিল? কার মদতে চলছিল এই কারবার? সবচেয়ে বড় কথা, এই চক্র কি শুধু ধৃত ৫ জনেই সীমাবদ্ধ, নাকি এর পিছনে আরও বড় র্যাকেট আছে?

পুলিশের দাবি,ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা চলছে। বেআইনি পাথর তোলা, মজুত ও পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সোমবারই ধৃত পাঁচ জনকে আসানসোল আদালতে পেশ করে জামুড়িয়া থানার পুলিশ। আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে তদন্তকারী আধিকারিকরা।
