আসানসোল, নিজস্ব সংবাদদাতা কাজল মিত্র : ভোর না হতেই ভক্তির জোয়ার। শ্রাবণের শেষ সোমবারে আসানসোলের বাবা চন্দ্রচূড়ের মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের হাতে জলের কলসি, ডালিতে বেলপাতা আর ধুতুরা। মন্দিরমুখী রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ।শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় – এই বিশ্বাসেই এদিন ভক্তদের লম্বা সারি। কেউ পরিবারের মঙ্গলের জন্য, কেউ রোগমুক্তির মানত নিয়ে এসেছেন।জল অর্পণের পর শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে অনেকে চোখ বুজে প্রার্থনা করেন।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রাবণের প্রতিটি সোমবারেই এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আজও তার ব্যতিক্রম হয়নি। যত বেলা বাড়ে তত বাড়ে ভিড়ের চাপ।ভিড় সামলাতে সকাল থেকেই মাঠে ছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্মীরা। মন্দির কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরাও লাইন ঠিক রাখা এবং দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের কাছে চন্দ্রচূড় শুধু একটি মন্দির নয়, এটা ভরসার জায়গা। শ্রাবণে বাবার কাছে নিষ্ঠাভরে কিছু চাইলে তা ফেরে না – এই ধারণাই প্রতি সোমবার হাজারো মানুষকে টেনে আনে। বয়স বা ঠিকানার ভেদাভেদ এখানে নেই। সবার কণ্ঠে একটাই ডাক – ‘হর হর মহাদেব’।
