অন্ডাল : সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে রবিবার এক দিবসীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় অণ্ডালে। নাম দেওয়া হয় “বোর্ড অফ্ ব্রেইনস্”। এই বুদ্ধির খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্র-ছাত্রীদের। অন্ডালের ৪৮ জন ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে অন্ডাল হাই স্কুলেরই ছিল ১৮ জন ছাত্র এবং ২ জন ছাত্রী।

দু’জন ছাত্রী অংশগ্রহণ করেছিল অন্ডাল গার্লস হাই স্কুল থেকেও। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত “ক” বিভাগ এবং নবম শ্রেণী থেকে “খ” বিভাগে বিভক্ত করা হয় প্রতিযোগীদের। “ক” বিভাগের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রূপম চক্রবর্তী, দ্বিতীয় রম্যদীপ্ত দাস এবং তৃতীয় হয় অভী সরকার। অভী ছিল ওই প্রতিযোগিতার কনিষ্ঠতম প্রতিযোগী।

“খ” বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে অতনু দাস, সূর্য কুমার সিং এবং নীলাদ্রি দে। পড়ুয়া ছাড়াও আলাদাভাবে বড়দেরও সুযোগ দেওয়া হয় অংশগ্রহণ করার। সেখানে চ্যাম্পিয়ন হন জয়প্রকাশ তিওয়ারী।
