সংবাদদাতা দুর্গাপুর : রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, গৃহ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কলিতা মাঝি, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুই, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জী, ডঃ বিজন মুখার্জী সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা।

সূত্রের খবর, বৈঠকে দুই বর্ধমান জেলার পাশাপাশি অন্তর্ভুক্ত অন্যান্য জেলার পরিকাঠামোগত উন্নয়ন, নগরায়ণ, শিল্প সম্প্রসারণ, জনপরিষেবা ব্যবস্থার আধুনিকীকরণ এবং চলমান সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তৃত আলোচনা হয়।সভায় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক নির্দেশনাও দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।পাঁচ জেলার প্রশাসনিক প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠককে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল।
