রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, পাঁচ জেলার প্রশাসনিক পর্যালোচনায়ও কড়া বার্তা

সংবাদদাতা, দুর্গাপুর : পরিচ্ছন্ন, সুস্থ ও উন্নত বাংলা গড়ার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রশাসনিক সক্রিয়তা ও জনসচেতনতার যুগল বার্তা দিলেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একদিকে শহরকে আবর্জনামুক্ত রাখার আহ্বান জানিয়ে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন তিনি, অন্যদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই পাঁচ জেলার প্রশাসনিক অগ্রগতি পর্যালোচনা করে উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর জোর দেন।


দিনের শুরুতেই সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে ‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের নিয়ে আয়োজিত বিশেষ স্বচ্ছতা অভিযানে যোগ দেন মন্ত্রী। ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, শহরকে নোংরা করার প্রবণতা আর বরদাস্ত করা হবে না। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, বাজার এলাকা কিংবা জনবহুল স্থানে পানের পিক, থুতু বা আবর্জনা ফেলা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র নজরদারি চালানো হবে বলেও তিনি জানান।


মন্ত্রী বলেন, শুধুমাত্র কয়েক দিনের স্বচ্ছতা অভিযান নয়, পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করাই মূল লক্ষ্য। আগামী ১৫ থেকে ২০ জুন রাজ্যজুড়ে বিশেষ স্বচ্ছতা কর্মসূচি পালিত হবে। একইসঙ্গে বাড়ি থেকে ভেজা ও শুকনো বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ ও নিষ্পত্তির উপরও জোর দেন তিনি। তাঁর বক্তব্য, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গু-সহ একাধিক সংক্রামক রোগের প্রকোপও অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পোন্নামবলম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগরোন্নয়ন দপ্তরের আধিকারিক এবং পরিচ্ছন্নতা কর্মীরা।
পরবর্তীতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন গৃহ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কলিতা মাঝি, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা।বৈঠকে দুই বর্ধমান-সহ সংশ্লিষ্ট জেলাগুলির পরিকাঠামো উন্নয়ন, নগরায়ণ, শিল্পায়ন, জনপরিষেবা সম্প্রসারণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি প্রশাসনিক সমন্বয় আরও সুদৃঢ় করে উন্নয়নের গতি বাড়ানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেদিন বৈঠক শেষে দুর্গাপুরে দুই বিধায়ক কে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল ও মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *