সংবাদদাতা,দুর্গাপুর: দেশের বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। বেশ কিছু বাঙালি শ্রমিককে মারধর করা হয়েছে এমন কি অনেক বাঙালি শ্রমিককে বাংলাদেশি বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই অভিযোগ উঠেছে দুর্গাপুরের এক শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন।

৪২ বছরের শ্রীমন্ত মাল দুর্গাপুর থানা এলাকার ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা ৷ গত জুলাই মাসে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজস্থানে যান ৷ তিনি দুর্গাপুরের তামলা এলাকার বাসিন্দা কাশীনাথ সিংয়ের সঙ্গে রাজস্থানের কোটারি নামে একটি জায়গায় কাজ করতে যান । তাঁর পরিবারের দাবি, রান্নার কাজের জন্য কাশীনাথ তাঁকে নিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু সেখানে নিয়ে গিয়ে অন্য কাজ করানো হচ্ছিল ৷ পরিবারের আরও দাবি, গত ২৪ জুলাই শেষবার শ্রীমন্তর সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছিল ৷ সেই সময় শ্রীমন্ত জানিয়েছিলেন যে তিনি বাড়ি ফিরে আসবেন। কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি শেষবার বাড়িতে ফোন করেছিলেন কাশীনাথ সিংয়ের ফোন থেকে ৷ শ্রীমন্তর মেয়ে স্বস্তিকা মাল বলেন, “বাবা গত ২৪ তারিখে শেষবারের মতো ফোন করেছিলেন। আর কোনও খোঁজ পাচ্ছি না। শ্রীমন্ত মালের নিকট আত্মীয় আলপনা মাল বলেন, “আমার পিসেমশাই রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন । এখানে দিনমজুরের কাজ করতেন। আমার পিসি-সহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে । যাঁরা পিশে মশাই কে নিয়ে গিয়েছিলেন, তাঁরাও কিছু বলতে পারছেন না ।’’ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “আমরা এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি । তবে যাঁরা ওই ব্যক্তিকে কাজে নিয়ে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি । নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।”
