সংবাদদাতা, দুর্গাপুর: আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানা এলাকায় সাইবার অপরাধীরা বেশ কিছু মানুষের কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি বেশ কিছু ঘটনায় কয়েকজনের মোবাইল ফোন খোয়া গেছিলো। সেইসব ঘটনা অন্ডাল থানায় অভিযোগ দায়ের হয়েছিলো। পরবর্তী কালে পুলিশ তদন্তে নেমে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে। মঙ্গলবার থানায় ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে ৪০টি মোবাইল ফোন এবং সেই সঙ্গে সাইবার অপরাধীদের কাছে খোয়া যাওয়া বিভিন্ন মানুষের প্রায় ৯ লক্ষ টাকা তাদের ফিরিয়ে দিল পুলিশ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি পিন্টু সাহা, সি আই পিন্টু মুখার্জী, অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল। মোবাইল ও টাকা ফেরত পেয়ে সাধারণ মানুষ যেমন খুশি হয়েছেন, তেমনই এবিষয়ে মানুষ কে আরো সচেতন হওয়ার বার্তা দিয়ে এসিপি পিন্টু সাহা বলেছেন, সাইবার ক্রাইম নিয়ে পুলিশের পক্ষ থেকে সর্বদাই সবাইকে সতর্ক করা হয়। তাই মানুষকেও এনিয়ে সাবধান থাকতে হবে।
