অক্ষয় তৃতীয়ার দিনই দুর্গাপুর ইসকনের রথ উৎসবের খুঁটি পুজো

সংবাদদাতা,দুর্গাপুরঃ বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পুরীর আদলে তৈরী দিঘায় জগন্নাথ মন্দিরের শুভ দ্বারোদঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যে কোনও নতুন কাজ শুরু করার সারা বছরের মধ্যে অক্ষয় তৃতীয়া সবথেকে উপযুক্ত। পুরীতে জগন্নাথদেবের রথযাত্রার প্রস্তুতিও শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যে রথে চড়ে মাসির বাড়ি যাবেন,সেই তিনটি রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকেই।

সেই সূত্রেই বুধবার দুর্গাপুরে ইসকন মন্দিরের রথ যাত্রা উপলক্ষে অস্থায়ী গুন্ডিচা মন্দিরের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। ধূপ, দীপ জ্বালিয়ে, হোম যজ্ঞ করে এই অনুষ্ঠান হয়। দুর্গাপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ ঔদার্য চন্দ্র দাস জানান, বিগত ১৬ বছর ধরে দুর্গাপুর ইসকনের তত্বাবধানে রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।এদিন শুভ অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে আকবর রোড স্কুল ময়দানে অস্থায়ী গুণ্ডিচা মন্দির নির্মাণের জন্য ভাজন কীর্তনের মধ্যে দিয়ে খুঁটি পুজো করা হল। উল্লেখ্য,এবার আর একটা রথে নয়,তিনটি আলাদা রথে করে নগর পরিক্রমা করে মাসির বাড়ি যাবে জগন্নাথ,বলরাম ও সুভদ্রা। এদিন থেকেই আসন্ন রথ উৎসবের যাবতীয় প্রস্তুতি শুরু করা হল বলে ইসকন কর্তৃপক্ষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *