নিঃ সঃ, অন্ডাল : সবুজে বাঁচুক পৃথিবী আর চিন্তায় এগিয়ে যাক আগামী প্রজন্ম।বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় অরণ্য সপ্তাহ পালন। শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে অন্ডাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, মোট একুশটি গাছ লাগানো হয়। স্কুলে ছাড়াও স্কুল সংলগ্ন নিউ ট্রাফিক কলোনিতে পাঁচটি বটগাছ লাগানো হয় স্কুলের পক্ষ থেকে। “একটি গাছ মায়ের নামে” এই স্লোগানে গাছগুলো যত্মসহকারে লাগানো হয়। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা নিজনিজ লাগানো গাছগুলো লালন পালনে প্রতিশ্রুতিবদ্ধ হন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর মজুমদার সমগ্ৰ অনুষ্ঠান টি সুচারুভাবে পরিচালনা করেন।

এছাড়াও ২০ জুলাই “আন্তর্জাতিক দাবা দিবস” পালন করা হয় দাবা প্রতিযোগিতার মাধ্যমে। দুটি গ্ৰুপে প্রতিযোগিতাটি করা হয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জুনিয়র গ্ৰুপ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিনিয়র গ্ৰুপ মিলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ২৮ জন ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের আইসিটি কম্পিউটার শিক্ষক সৌরভ সরকার। সবকটা ম্যাচ জিতে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় রনজিত দাস এবং সিনিয়র গ্রুপে ঋভু মন্ডল। স্কুলের ছাত্ররা বাইরের দাবা প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে বলে জানান সৌরভ বাবু। এই অভিনব উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি খুশি অভিভাবক রাও। আগামী দিনে আরো বড় করে এরকম প্রতিযোগিতা করার প্রস্তাব আসে প্রাক্তনীদের পক্ষ থেকেও।
