জহরগড় সেতুতে ভয়াবহ দুর্ঘটনা* বৃষ্টির জলে ভেসে গেলেন ১৮ বছরের যুবক_

সালানপুর, নিজস্ব সংবাদদাতা, কাজল মিত্র : টানা রাতভোর বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে জহরগড় সেতু। আর সেই জলেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সেতুর রেলিং ভেঙে থাকায় অন্ধকারে কিছুই বুঝতে পারেননি দুই যুবক। ফল – স্কুটি-সহ সেতু থেকে নিচে পড়ে গেলেন তাঁরা।ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের এথোড়া মোড় থেকে সীতারামপুর যাওয়ার রাস্তায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতারামপুরের দিকে যাচ্ছিল একটি স্কুটি। তাতে ছিলেন দুই যুবক। সেতুর উপর দিয়ে জল যাওয়ায় রাস্তা ঠাহর করতে না পেরে ভারসাম্য হারায় গাড়িটি। সেতুর দু’পাশের পাঁচিল আগেই ভাঙা ছিল।

দুর্ঘটনার পর এক যুবক কোনোমতে পাশের একটি গাছের ডাল ধরে ঝুলে থাকেন। স্থানীয়রা খবর দিলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দ্রুত এসে তাঁকে উদ্ধার করে।কিন্তু দ্বিতীয় যুবক জলের তোড়ে ভেসে যান। তাঁর নাম আমির গেয়াস, বয়স ১৮। বাড়ি সীতারামপুরে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ, নিয়ামতপুর ফাঁড়ি এবং কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিকরা। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।বৃষ্টির কারণে সেতুটি কতটা বিপজ্জনক হয়ে উঠেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত সেতু মেরামত ও সতর্কতামূলক ব্যবস্থার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *