আসানসোল, নিজস্ব সংবাদদাতা কাজল মিত্র : সোমবার থেকে অবিরাম বৃষ্টি। জল জমে বিপর্যস্ত আসানসোল পুরনিগম এলাকা। সবচেয়ে বাজে অবস্থা মাটির বাড়িগুলির। জল ঢুকে ভেঙে পড়ছে দেওয়াল, ভাসছে ঘর-গেরস্থালি।পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার কালিপাহাড়ি এলাকায় যান আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র। সঙ্গে ছিলেন পুরনিগমের আধিকারিকদের একটি দল।

বৃষ্টির কারণে এই এলাকার বহু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্দশাগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রিপল, শুকনো খাবার সহ অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেন কমিশনার।তিনি বলেন, “একটানা বৃষ্টিতে কালিপাহাড়ির বাসিন্দারা সবচেয়ে বেশি কষ্টে আছেন। অনেক বাড়িতে জল ঢুকে গেছে। কাদের অবিলম্বে থাকার জায়গা লাগবে তার তালিকা তৈরি করতে দল পাঠানো হয়েছে। দ্রুত তাঁদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে।”

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এখন হলদিয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে। সেখান থেকেই তিনি আসানসোল দক্ষিণ বিধানসভার ক্ষতিগ্রস্তদের সাহায্যের নির্দেশ দেন।মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই কমিশনারের নেতৃত্বে পুরনিগমের টিম ত্রাণ ও খাবার নিয়ে এলাকায় পৌঁছায়।বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তীও এদিন কালিপাহাড়িতে যান। তিনি বলেন, পুরো পরিস্থিতি তিনি নিজে দেখছেন এবং ত্রাণ বণ্টনের কাজ তদারকি করছেন।আবহাওয়া দপ্তর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তাই নিচু এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে পুরনিগম।
