আসানসোলের ধেমোমেন কোলিয়ারি এলাকায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক দিব্যাঙ্গ দলিত ছাত্রের উপর হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য

কাজল মিত্র : জাতিবিদ্বেষের বর্বরতায় রক্তাক্ত প্রতিবন্ধী দলিত ছাত্র, অভিযোগে তোলপাড় আসানসোল।পরিবারের অভিযোগ, শুধু মারধর নয়, দিব্যাঙ্গতা নিয়ে অপমান, জাতিবিদ্বেষী কটূক্তি, থুতু ছোড়া এবং পরে সংঘবদ্ধভাবে হামলার শিকার হতে হয়েছে ওই ছাত্রকে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গুরুতর আহত ছাত্র বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় রৈতরা রোড ড্রেন সংলগ্ন এলাকায় বাড়ি ফেরার সময় ছাত্রের পথ আটকে দাঁড়ায় কয়েকজন। প্রথমে তার শারীরিক প্রতিবন্ধকতাকে লক্ষ্য করে কটাক্ষ করা হয়। তারপর জাতিগত পরিচয় নিয়ে অশ্রাব্য গালিগালাজ এবং থুতু ছোড়া হয় বলে অভিযোগ। ছাত্রটি প্রতিবাদ করতেই পরিস্থিতি মুহূর্তে ভয়াবহ মোড় নেয়। অভিযোগ, অভিযুক্তরা বাঁশের লাঠি, লাথি ও ঘুষি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রটি।
পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন বাসিন্দা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে ছাত্রটিকে উদ্ধার না করলে আরও বড় বিপদ ঘটতে পারত। পরে তাঁকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়।ছাত্রের মা ললিতা দেবী আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বিজেপি নেতা বিরজু যাদব ওরফে বিক্কি যাদব-সহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নথিভুক্ত করা হচ্ছে। অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *