ডামরায় আমরুত প্রকল্পের অধীনে জল প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাজল মিত্র : আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত ডামরায় কেন্দ্র সরকারের আমরুত (AMRUT) প্রকল্পের অধীনে একটি গুরুত্বপূর্ণ জল প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নিয়াবলম, আসানসোল পৌর নিগমের বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং এলাকার বহু বাসিন্দা।শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা ছিল। কেন্দ্র সরকারের আমরুত প্রকল্পের আওতায় এই জল প্রকল্প বাস্তবায়িত হলে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন এবং পানীয় জলের সমস্যা অনেকটাই দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সাধারণ মানুষের মৌলিক পরিষেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে পানীয় জল, রাস্তা, নিকাশি-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে করা হচ্ছে।অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকরাও জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে, যাতে দ্রুত এলাকার মানুষ এর সুবিধা পেতে পারেন।এই জল প্রকল্পের শিলান্যাসকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। বহু বাসিন্দা আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *