তোলাবাজি, হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ, আসানসোলে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া

কাজল মিত্র :-তোলাবাজি ও হুমকি সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির আসানসোল উত্তর ব্লক সভাপতি রাজু আলুওয়ালিয়াকে গ্রেফতার করল
আসানসোল দক্ষিণ থানা পুলিশ ।রবিবার রাতে এই নেতার গ্রেফতারির খবরে আসানসোল শহরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ রাজুকে আসানসোল দক্ষিণ থানার পুলিশের একটি দল জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন এলাকা থেকে আটক করে। সেখান থেকে তাকে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়।প্রসঙ্গতঃ, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর নতুন সরকার পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছে যে কোন ধরনের তোলাবাজি, অবৈধভাবে অর্থ আদায়, হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই সহ্য করা হবে না। তারপর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অভিযান ও গ্রেফতারি চলছে। পশ্চিম বর্ধমান জেলাতেও গত কয়েক দিন ধরে পুলিশের অভিযান চলছে।

গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদেরকে। তবে আসানসোলে রাজু আলুওয়ালিয়াকে আটক করা সেই অভিযানেরই একটি বড় দিক বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গেছে, রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ ছিলো। তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিলো। সেই অভিযোগগুলো তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেয় এবং এদিন সন্ধ্যায় তাকে আটক করে। পরে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস। পুলিশ আধিকারিক বলেন , পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই তোলাবাজির চক্রে আর কারা জড়িত আছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রয়োজনে অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য সরকার আইন-শৃঙ্খলা বিষয়ে একটি কড়া বার্তা দিতে চায়। যে কারণে বিভিন্ন এলাকায় ক্রমাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, এই গ্রেফতারের ঘটনায় আসানসোলের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *