শিল্পা হত্যা মামলায় যাবজ্জীবন রাজীব কুমারের, প্রমাণ লোপাটে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড

সংবাদদাতা, দুর্গাপুর : দীর্ঘ আট বছরের বিচারপ্রক্রিয়ার অবসান। বহুল চর্চিত শিল্পা আগরওয়াল হত্যা মামলায় মঙ্গলবার দোষী রাজীব কুমারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। অতিরিক্ত জেলা বিচারক (দ্বিতীয়) প্রশান্ত চৌধুরীর আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। একইসঙ্গে ২০১ ধারায় অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অভিযুক্তকে মোট ৩০ হাজার টাকা জরিমানা দিতে হবে।২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি দুর্গাপুরের বেনাচিতির রূপালি অ্যাপার্টমেন্ট থেকে একটি নীল রঙের ট্রলি ব্যাগের ভিতর উদ্ধার হয় বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা, ২৮ বছরের শিল্পা আগরওয়ালের দেহ। তদন্তে উঠে আসে, হত্যার পর দেহটি প্রথমে একটি ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তা নীল রঙের ট্রলি ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।শিল্পা আগারওয়াল মেজিয়া শাখায় ‘ব্যাঙ্ক মিত্র’ হিসেবে কর্মরত ছিলেন। তদন্তের সূত্র ধরে একই শাখার তৎকালীন ব্যাঙ্ক ম্যানেজার রাজীব কুমারকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলাকালীন ফরেনসিক রিপোর্ট, বৈজ্ঞানিক তথ্য, পরিস্থিতিগত প্রমাণ এবং সাক্ষ্যপ্রমাণ আদালতে পেশ করা হয়।সরকারি পক্ষের আইনজীবী দেবব্রত সাই জানান, মামলায় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সমস্ত সাক্ষ্যপ্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং পরিস্থিতিগত তথ্য বিশ্লেষণের পর আদালত সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার সাজা ঘোষণার সময় আদালত খুন ও প্রমাণ লোপাট উভয় অভিযোগেই দোষী সাব্যস্ত অভিযুক্তের বিরুদ্ধে পৃথক সাজা ঘোষণা করে।দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের এই রায়ে মামলার বিচারিক পর্বের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলায় আদালতের রায়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *