সাধারণ মানুষের সুবিধার্থে সালানপুর ব্লকের রূপনারায়নপুরে উদ্বোধন করা হলো বিধায়ক সেবা কেন্দ্রের

কাজল মিত্র: বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ফাঁড়ির ঠিক পাশেই ডিএভি স্কুলের নিকট ভাগ ঢোল বাজিয়ে ধুমধাম করে উদ্বোধন হয়ে গেল নতুন ‘বিধায়ক সেবা কেন্দ্র’। এদিন এই সেবা কেন্দ্রটির নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। এলাকার মানুষের সমস্যার সমাধান দূর করতে এবং তাঁদের অভাব-অভিযোগের সরাসরি সমাধান করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিধায়ক অরিজিৎ রায় বলেন এলাকার মানুষ তাঁদের যেকোনো সমস্যার কথা এখন থেকে সরাসরি এখানে এসে জানাতে পারবেন। আমি খুব শীঘ্রই নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেব, কবে কবে আমি নিজে এখানে সাধারণ মানুষের মুখোমুখি হব। তবে আমি না থাকলেও আমাদের দলের নেতৃত্ব প্রতিদিন এখানে উপস্থিত থাকবেন।”তিনি আরও জানান, আগামী দিনে এলাকার সমস্ত ‘জনতার দরবার’ এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।


এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক আগের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন।তিনি দাবি করেন, এখানে প্রচুর উন্নয়ন করার কাজ বাকি আছে। কারণ আগের সরকার কোনো উন্নয়নই করেনি, শুধুমাত্র মানুষকে বোকা বানিয়েছে। এর পাশাপাশি তিনি যোগ করেন, বর্তমানে রাজ্যে ও কেন্দ্রে ‘ডবল ইঞ্জিন সরকার’ থাকার কারণে তাঁরা মানুষের কাছে দেওয়া উন্নয়নের সমস্ত প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ বিশ্বস্ত ও দায়বদ্ধ।এলাকার দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যাগুলো নিয়েও এদিন কথা বলেন বিধায়ক। তিনি জানান রূপনারায়ণপুর এলাকার অন্যতম প্রধান সমস্যা হলো একটি দমকল কেন্দ্রের অভাব। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এর সমাধানের চেষ্টা করা হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানেই বেশ কয়েকজন স্থানীয় মহিলা বিধায়কের কাছে এসে তাঁদের এলাকার বেহাল রাস্তার অভিযোগ জানান। বিধায়ক অরিজিৎ রায় মন দিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন।এদিনের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা, শুভাশিস ভট্টাচার্য, চিন্ময় তেওয়ারী, বাবন মণ্ডল, ,গোপাল রায় অভিষেক সিং ,মণীশ ঝা , সহ এলাকার অন্যান্য দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *