কাজল মিত্র : বৃহস্পতিবার রাতে জামুরিয়া শিল্প তালুক এলাকার একটি বেসরকারি কারখানায় হঠাৎই একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ কেঁপে ওঠে এবং সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে প্রায় ১৯ থেকে ২০ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং রানীগঞ্জ থেকে একটি দমকল ইঞ্জিন। দমকল কর্মী ও পুলিশ যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।এদিকে, বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কারখানার নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ।
