রোগী মৃত্যুর কারণে, বেসরকারি হাসপাতালে তীব্র উত্তেজনা দূর্গাপুরে

সংবাদদাতা দুর্গাপুর : চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে রবিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের নাম রাজকুমার মণ্ডল (৫৮)। তিনি দুর্গাপুরের বেনাচিতি এলাকার বাসিন্দা ছিলেন।পরিবারের দাবি, চলতি মাসের ২৩ তারিখ চিকিৎসক রাজকুমারবাবুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও স্বাস্থ্যবিমা সংক্রান্ত কিছু জটিলতার কারণ দেখিয়ে তাঁকে ছাড়া হয়নি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানায়, রোগীর কক্ষে একটি ঝাঁঝালো স্প্রে ব্যবহারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে রবিবার তাঁর মৃত্যু হয়।এই ঘটনার পরই হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবার, আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের অবহেলা, চিকিৎসায় গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীনতার ফলেই রাজকুমার মণ্ডলের মৃত্যু হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।মৃতের মেয়ে কবিতা চট্টোপাধ্যায় বলেন, “চিকিৎসক ছাড়পত্র দেওয়ার পরও বাবাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। পরে আমাদের জানানো হয়, রুমে স্প্রে করার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতালের গাফিলতির কারণেই বাবাকে হারাতে হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।”অন্যদিকে, হাসপাতালের ডিজিএম (অপারেশন) শিল্পা স্বর জানান, রোগীর পরিবারের কাছে ময়নাতদন্তের আবেদন করা হয়েছে। তাঁর বক্তব্য, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।”ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *