শ্রাবণের শুরুতেই নতুন সরকারি বাস পরিষেবা উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মণ ঘরুই


সংবাদদাতা দুর্গাপুর : শ্রাবণ মাসের সূচনাতেই দুর্গাপুরবাসীর জন্য নতুন সরকারি বাস পরিষেবার সূচনা হল। রবিবার দুর্গাপুর স্টেশন থেকে তারকেশ্বর ধাম পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক শ্রী লক্ষণ ঘড়ুই।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, নতুন এই বাস পরিষেবা প্রতি রবিবার দুর্গাপুর স্টেশন থেকে তারকেশ্বর ধামের উদ্দেশে রওনা দেবে এবং সোমবার দুপুরে তারকেশ্বর থেকে দুর্গাপুরে ফিরে আসবে। বিশেষ করে শ্রাবণ মাসে তারকেশ্বরগামী ভক্তদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করে তুলতেই এই পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দুর্গাপুরে শিল্পের মন্দা কাটিয়ে আবারও শিল্পোন্নয়নের ধারা ফিরবে এবং দুর্গাপুর পুনরায় একটি সমৃদ্ধ শিল্পনগরীতে পরিণত হবে।এছাড়াও তিনি জানান, যে সমস্ত রুটে অতীতে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলিতেও ধাপে ধাপে পুনরায় সরকারি পরিবহন পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *