কাজল মিত্র : বৃহস্পতিবার আসানসোলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দুই দল ছাত্রের সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায়। কলেজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদের জেরেই প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, এরপরই এক গোষ্ঠীর ছাত্ররা বাইরের লোকজনকে ডেকে আনে এবং প্রতিপক্ষের উপর চড়াও হয়।সংঘর্ষ চলাকালীন কলেজ ক্যাম্পাসে ব্যাপক হইচই হয়। কয়েকজনকে মারধর করা হয় এবং একটি গাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পাওয়ামাত্র আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশ মোতায়েনের পরিস্থিতি শান্ত হলেও ক্যাম্পাসে বেশ কিছুক্ষণ আতঙ্ক ছিল।এখন পুলিশ পুরো ঘটনার কারণ এবং কীভাবে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকল সেটা খতিয়ে দেখছে। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নিয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে কলেজের অধ্যক্ষ এখনও মুখ খোলেননি।
