তিন মাস ধরে গ্রিন ভ্যালিতে মাটি ফুঁড়ে রহস্যময় ধোঁয়া, আতঙ্কে বাসিন্দারা

আসানসোল, নিজস্ব সংবাদদাতা। প্রায় তিন মাস ধরে আসানসোল পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের গ্রিন ভ্যালি এলাকায় মাটির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার উৎস এখনও অজানা থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।ঘনবসতিপূর্ণ এই এলাকায় রয়েছে একাধিক বসতবাড়ি, বহুতল আবাসন ও দোকানপাট। ফলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী।

স্থানীয়দের একাংশের অনুমান, এটি ইসিএলের ভূগর্ভস্থ কয়লাখনির আগুনের ধোঁয়া। আবার কারও মতে, মাটির নিচে গ্যাস নির্গমন বা পুড়ে যাওয়া বৈদ্যুতিক-কেবল লাইনের কারণেও এমন হতে পারে। তবে প্রশাসন বা সংশ্লিষ্ট কোনও দপ্তর এখনও ধোঁয়ার প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি।স্থানীয় বাসিন্দা জগন্নাথ মাজি জানান, প্রথমে জিও-কে জানানো হলেও তারা দায় অস্বীকার করে। পরে আসানসোল পুরনিগম ও ইসিএল-সহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও সদুত্তর মেলেনি।

বাসিন্দাদের দাবি, রাতের দিকে ও বৃষ্টির সময় ধোঁয়ার পরিমাণ বাড়ে। এখনও পর্যন্ত আগুন বা বিস্ফোরণের ঘটনা না ঘটলেও আতঙ্ক ক্রমশ বাড়ছে।এলাকাবাসীর প্রশ্ন, যদি এটি ভূগর্ভস্থ আগুন বা ধসপ্রবণ এলাকার লক্ষণ হয়, তাহলে এত ঘনবসতিপূর্ণ জায়গায় কীভাবে নির্মাণের অনুমতি মিলল? যদিও সরকারি কোনও রিপোর্টে এখনও এলাকাকে ধসপ্রবণ বলা হয়নি।সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর পুলিশ ও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ধোঁয়ার উৎস সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এখন এলাকাবাসীর দাবি, ইসিএল, পুরনিগম, দমকল ও ভূতত্ত্ব বিশেষজ্ঞদের নিয়ে যৌথ তদন্ত করে দ্রুত ধোঁয়ার উৎস চিহ্নিত করা হোক। সম্ভাব্য ঝুঁকি থাকলে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *