রামপুর এমভিআই দুর্নীতি: দালাল বাবলু ভান্ডারী গ্রেফতার, উদ্ধার ৫ লক্ষাধিক টাকাকুলটি

কাজল মিত্র : রামপুর এমভিআই চেকপোস্টে দুর্নীতি ও তোলাবাজির মামলায় তদন্তে ফের বড় সাফল্য পেল কুলটি থানার পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে এক কথিত দালালকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে নগদ ৫ লক্ষাধিক টাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসিপি কুলটি জাভেদ হুসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চৌরঙ্গী ফাঁড়ির চলবলপুর গ্রামে অভিযান চালায়। অভিযান চলে বাবলু ভান্ডারী নামে ওই দালালের বাড়িতে। তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে নগদ ৫ লক্ষাধিক টাকা, দুটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি ডায়রি বাজেয়াপ্ত করা হয়। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া টাকা ও নথিপত্র এমভিআই চেকপোস্টে চলা কথিত দুর্নীতি এবং অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত। বাজেয়াপ্ত মোবাইল ও ডায়রি খতিয়ে দেখে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই দুই এমভিআই আধিকারিক সাসপেন্ড হওয়ার পর গ্রেফতার হয়েছেন। জাতীয় সড়কের ধারে অবস্থিত কথিত ‘মামা হোটেল’-এর মালিক অভিজিৎ ঘোষকেও গ্রেফতার করেছে পুলিশ।একাধিক গ্রেফতারি ও উদ্ধারের ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *