কাজল মিত্র: কুলটির সীতারামপুরে ব্রিজ থেকে জলে ভেসে যাওয়া যুবকের মৃতদেহ অবশেষে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম আমির গিয়াস। তিনি কুলটি থানা এলাকার সীতারামপুরের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ তারিখ রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন আমির। সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে সীতারামপুর যাওয়ার পথে একটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল জলের তোড়ে স্কুটিসহ তিনি ভেসে যান বলে খবর ছড়ায়।খবর পাওয়ার পরই কুলটি থানার পুলিশ তল্লাশি শুরু করে। পরে বিপর্যয় মোকাবিলা দলও ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থলের পাশের নদীতে রাবার বোট নামিয়ে কয়েক ঘণ্টা খোঁজ চালানো হয়। কিন্তু ১৮ তারিখ সন্ধে পর্যন্তও আমিরের কোনো খোঁজ মেলেনি।

আজ সকালে সীতারামপুর মাস্টারপাড়া লাগোয়া নদীর ধারে স্থানীয়রা আমিরের দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে তার স্কুটিটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।
