রানিগঞ্জের রঘুনাথচকে ফের মাটি ধস, আতঙ্কে স্থানীয়রা

কাজল মিত্র : টানা বৃষ্টির মধ্যে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের রঘুনাথচকে আবার মাটি ধসের ঘটনা ঘটল। বুধবার দুপুরে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথচক দূষাদপাড়া এলাকায় প্রায় ১০০ বর্গফুট জায়গা প্রায় ২০ ফুট গভীর পর্যন্ত বসে যায়।ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কারণ ধস হওয়া জায়গার খুব কাছেই ঘন বসতি, একটি আইসিডিএস কেন্দ্র এবং স্কুল রয়েছে। তাই বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, এর পিছনে রয়েছে এলাকার পুরনো ভূগর্ভস্থ কয়লা খনি। ব্রিটিশ আমলে বেঙ্গল কোল কোম্পানির খনিগুলিতে কয়লা তোলার পর অনেক জায়গায় ঠিকমতো বালি ভরাট করা হয়নি। তার ফলে মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছে। বৃষ্টির জল পড়ে সেই অংশের মাটি নরম হয়ে যাওয়ায় বারবার ধস নামছে।

এর আগেও ২০২৩ সালের আগস্টে বৃষ্টির সময় রঘুনাথচকের ষষ্ঠীতলা এলাকায় একই রকম ধস হয়েছিল।এতবার ধস হওয়ার পরেও কেন ধসপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে স্থায়ী ব্যবস্থা নেওয়া হল না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।খবর পেয়ে সিটু নেতা হেমন্ত প্রভাকর পুলিশ এবং রানিগঞ্জের বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, দ্রুত ধসপ্রবণ এলাকা চিহ্নিত করে বিপজ্জনক জায়গাগুলিতে বালি ভরাটের ব্যবস্থা করতে হবে।আপাতত পুলিশ ধস হওয়া জায়গা ঘিরে ব্যারিকেড দিয়েছে। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, আর কতবার মাটি ধসলে প্রশাসন নড়েচড়ে বসবে? সময়মতো ব্যবস্থা না নিলে একদিন বসতি এলাকায় বড় বিপদ হতে পারে।তাই অবিলম্বে ভূগর্ভস্থ ফাঁপা অংশ চিহ্নিত করে বালি ভরাট এবং ধস এলাকা ঘিরে নিরাপত্তার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *